আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার মেঘনায় জেলের জালে ২৪ কেজির ব্ল্যাককার্প, বিক্রি ১৭ হাজার ৫০০ টাকায়

 

Brother IT Digital

ভোলা প্রতিনিধি: ভোলার মেঘনা নদীতে জেলে সুলতান সরদারের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বড় আকারের ব্ল্যাককার্প। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাছটি সদর উপজেলার তালতলী (ইলিশা) মাছঘাটে আনা হলে একনজর দেখতে স্থানীয় মানুষ ও লঞ্চঘাটের যাত্রীদের ভিড় জমে যায়। পরে নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

মাছঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জোয়ারের সময় মেঘনা নদীতে জাল ফেলেন সদর উপজেলার জেলে সুলতান সরদার। জাল তোলার সময় বড় আকৃতির মাছটি ধরা পড়ে। পরে মাছটি তালতলীর ফকির দালালের আড়তে নেওয়া হয়। সেখানে আড়তদার ও স্থানীয় ক্রেতাদের মধ্যে দর-কষাকষির পর মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। পরে ১৮ জন মিলে মাছটি ভাগ করে নেন।

আড়তদার লোকমান বলেন, কয়েক দিন ধরে নদীতে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। এতে ইলিশের দামও কিছুটা কমেছে। ইলিশের সরবরাহ কম থাকলে ব্ল্যাককার্পটির দাম আরও বেশি হতে পারত।

বড় মাছটি ধরা পড়ার পর নৌকায় থাকা জেলেদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। তাঁরা জানান, এত বড় আকারের ব্ল্যাককার্প তাঁরা আগে খুব একটা দেখেননি।

তবে বড় মাছ পাওয়ার আনন্দের পাশাপাশি সুলতান সরদারের পরিবারের আর্থিক সংকটের চিত্রও উঠে এসেছে। সুলতানের স্ত্রী মরণজান বিবি মুঠোফোনে বলেন, তাঁদের পরিবার নৌকাতেই বসবাস করে। দীর্ঘদিন পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় টানা দুই দিন নদীতে মাছ ধরতে যেতে পারেননি। শুক্রবার ভোরে আবার নদীতে নামেন তাঁরা।

মরণজান বিবি বলেন, সুতার জালে ২৪ কেজির মাছটি ধরা পড়ে। এ ছাড়া তাঁরা মাত্র দুটি জাটকা ও একটি বেলকা ইলিশ পেয়েছেন। মাছ ধরতে গিয়ে প্রায় ২০ লিটার জ্বালানি তেল খরচ হয়েছে। বড় মাছটি পাওয়ায় অন্তত কিছুটা খরচ মেটানোর আশা করছেন তাঁরা।

তিনি বলেন, “আমরা গরিব মানুষ। খুব কষ্টে দিন কাটাই। আমাদের কাছে এলে বুঝতে পারবেন, আমরা কীভাবে থাকি, কীভাবে জীবন চালাই।”

মাছটি কত টাকায় বিক্রি হয়েছে, তা তিনি জানেন না বলে জানান মরণজান বিবি। বিক্রির সময় তিনি নৌকাতেই ছিলেন।

ভোলা সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া বলেন, ছবিটি দেখে মাছটিকে ব্ল্যাককার্প বলেই মনে হচ্ছে। এটি বাংলাদেশের দেশীয় মাছ নয়। পূর্ব এশিয়া, বিশেষ করে চীন অঞ্চলের স্বাদুপানির কার্পজাতীয় এই মাছের প্রধান খাদ্য শামুক ও ঝিনুক। বাংলাদেশে সীমিত পরিসরে পুকুরে এর চাষ করা হয়।

তিনি আরও বলেন, নদীতে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য ও অনুকূল পরিবেশ পেলে ব্ল্যাককার্প দ্রুত বড় হতে পারে। এ ধরনের মাছ ৩০ কেজি বা তারও বেশি ওজনের হতে পারে। পুকুরে সাধারণত ১০ থেকে ১২ কেজি ওজনের ব্ল্যাককার্প বেশি দেখা যায়।

মৎস্য কর্মকর্তা বলেন, বর্ষা বা বন্যার সময় চাষের পুকুর থেকে এ ধরনের মাছ নদীতে চলে যেতে পারে। সেখানে প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে পারলে এটি বড় আকার ধারণ করতে পারে। ভোলার মেঘনায় ধরা পড়া ২৪ কেজির মাছটিও এভাবে নদীতে আসা মাছ হতে পারে।

একটি বড় মাছ জেলের জালে ধরা পড়লেও সুলতান সরদারের পরিবারের বাস্তবতা ভিন্ন। দিনের পর দিন মাছ কম পাওয়া, জ্বালানি ও চিকিৎসার খরচ এবং নৌকায় বসবাস—সব মিলিয়ে নদীনির্ভর এই পরিবারের জীবনে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি থেমেছে, দুর্ভোগ থামেনি: ৯ দিন ধরে পানিবন্দি মনপুরার হ

1

মেঘনায় জেলের জালে উঠল ২৫ কেজির বিশাল কোরাল

2

দখলমুক্ত হলে ফিরবে স্বস্তি সরকারি খাল পুনঃখননের অপেক্ষায় মনপ

3

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ সনদ বাতিল

4

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার নির্দেশনা প্রধানমন

5

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয়

6

বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের

7

প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি!

8

চ্যানেল ভোলার সম্পাদক ও প্রকাশক আকাশের নানি ইন্তেকাল করেছেন

9

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠ

10

পাহাড়ি রাস্তায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন ভোলার জামির

11

ভোলায় সতীনসহ তিন আসামি অব্যাহতি পাওয়ায় আদালতে বিষপান বাদীর

12

‘ফিল্মি’ কায়দায় ট্রাক থেকে মুরগি চুরি, পুলিশের অভিযানে নিহত

13

ফের বাড়ল এলপিজির দাম

14

স্থানীয় সরকারের সব অফিসের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে স

15

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্

16

ভর্তি ফরমে মুজিব শতবর্ষের লোগো, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হা

17

বিদ্যুৎ সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

18

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ

19

চরফ্যাশনে মাওলানা জুবায়েরের বয়ান শুনতে মানুষের ঢল

20