মো. মামুন হাজী, লালমোহন (ভোলা):‘ প্রোটিন, যা শক্তি জোগায় এবং সুরক্ষা করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ স্লোগানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদ। এতে প্রধান অতিথি ছিলেন খান এন্টারপ্রাইজ ও খান মৎস্য খামারের মালিক বাহালুল কবির খান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরোশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খায়রুল ইসলাম কাঞ্চন, চেয়ারম্যান এগ্রো ফিশারিজ অ্যান্ড পোলট্রি খামারের মো. রাসেল, লালমোহন ডিম ঘরের মো. জসিম এবং স্থানীয় খামারিরা। এ ছাড়া প্রাণিসম্পদ দপ্তরের টেকনিশিয়ান ফয়জুল্লাহ, বিপ্লব কুমার দত্ত ও এনায়েত উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ডিমের পুষ্টিগুণ, শরীরের প্রোটিনের চাহিদা পূরণ এবং সুস্থ জীবনযাপনে নিয়মিত ডিম খাওয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন