মো. সবুজ, ভোলা; বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলার লালমোহন উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আগামী পাঁচ বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন রমাগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ হোসেন।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সংগঠনটির উপজেলা সম্মেলনে আগামী ৫ বছরের জন্য ১৯১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। প্রধান বক্তা ছিলেন ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী।
বক্তব্যে প্রধান অতিথি বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অবসরের বয়সসীমা ৬৫ বছর করা, নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং শিক্ষক সমাজের বৈষম্য নিরসনের দাবি তুলে ধরেন। এসব দাবি আদায়ে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সম্মেলনে ভোলা জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও লালমোহনের বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, সুপার ও শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলন শেষে জেলা শাখার নেতারা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
মন্তব্য করুন