চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে অসহায় এক পরিবারকে নতুন বসতঘর নির্মাণ করে উপহার দিয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান হাজারী।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারটি দীর্ঘদিন ধরে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিল। বর্ষা মৌসুমে কাগজ, কলাপাতা ও বিভিন্ন অস্থায়ী উপকরণ দিয়ে তৈরি ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছিলেন পরিবারের সদস্যরা। বিষয়টি আব্দুর রহমান হাজারীর নজরে এলে তিনি পরিবারটির জন্য একটি নতুন বসতঘর নির্মাণের উদ্যোগ নেন। মাত্র ১৫ দিনের মধ্যে ঘর নির্মাণের কাজ শেষ করে শুক্রবার বিকেলে তা পরিবারের কাছে হস্তান্তর করেন।
ঘর নির্মাণের বিষয়ে আব্দুর রহমান হাজারী বলেন, ‘প্রথমবার ঘরটি দেখেছিলাম, কিন্তু তখন ভালোভাবে লক্ষ্য করিনি। পরবর্তীতে বর্ষার সময় এসে দেখি, তারা কাগজ ও কলাপাতা দিয়ে কোনোরকমে ঘর তৈরি করে বসবাস করছেন। বিষয়টি দেখে আমার খুব খারাপ লাগে। এরপর ১৫ দিনের মধ্যে ঘরটি নির্মাণ করে দিই।’
তিনি আরও বলেন, ‘আমি চেয়ারম্যান হওয়ার জন্য এই ঘর করে দিইনি, করেছি আখিরাতের জন্য। এই ঘরের বিনিময়ে মহান আল্লাহ যেন জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করে রাখেন, এটাই আমার প্রত্যাশা।’
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে ওই পরিবারের এক নারী বলেন, ‘আমি অনেক কষ্টে জীবনযাপন করতাম। কিন্তু আমার ছেলে আব্দুর রহমান হাজারী আমার থাকার ব্যবস্থা করে দিয়েছে। এখন পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারব। আল্লাহ যেন তার ভালো করেন।’
নতুন বসতঘর পেয়ে পরিবারটির দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়েছে। এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন