মনপুরা (উপজেলা) প্রতিনিধি: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে পড়ে ফরজ বানু (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বদিউজ্জামান মহিলা দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরজ বানু ওই ইউনিয়নের বাসিন্দা নাছির মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন ফরজ বানু। পথে বদিউজ্জামান মহিলা দাখিল মাদ্রাসার সামনে পাকা সড়কে মোটরসাইকেলসহ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান। রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম সুমন জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে, এ দুর্ঘটনার পর ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাতায়াতের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বয়স্ক যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের আরও সতর্কতা অবলম্বন এবং মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে নিয়ন্ত্রিত গতি বজায় রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
মন্তব্য করুন