মো. সবুজ, ভোলা: ভোলার লালমোহনে বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী পাঁচ বছরের জন্য ১৯১ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল অঞ্চল সমন্বয় কমিটির সদস্য সচিব, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। প্রধান বক্তা ছিলেন ভোলা জেলা শাখার সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নতি করা, বদলি প্রক্রিয়া বাস্তবায়ন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা এবং মাদরাসা শিক্ষকদের বৈষম্য দূর করা সময়ের দাবি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাদরাসার শিক্ষক-কর্মচারীরা নানা বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে অধিকার আদায়ের আন্দোলনে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জমিয়াতুল মোদাররেছীনের দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মাদরাসা শিক্ষা ও শিক্ষক-কর্মচারীদের অধিকার রক্ষায় আন্দোলন করে আসছে। এ সংগঠনের প্রচেষ্টা ও আন্দোলনের ধারাবাহিকতায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মাদরাসা শিক্ষার জন্য পৃথক অধিদপ্তর, জনবল কাঠামো প্রণয়ন এবং শিক্ষক প্রশিক্ষণের সুযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো আদায় হবে বলে তিনি প্রত্যাশা করেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সহসভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছামাদ। স্বাগত বক্তব্য দেন জেলা সাংগঠনিক সম্পাদক ও রমাগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ হোসেন।
এছাড়া ভোলা সদর, চরফ্যাশন, বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও মনপুরা উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং লালমোহনের বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, সুপার ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় মাদরাসা শিক্ষার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই একই শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও চাকরিসংক্রান্ত বৈষম্য দূর করে তাঁদের চাকরি জাতীয়করণ করা প্রয়োজন। এ দাবি বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং নিয়মতান্ত্রিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্ব দেন তাঁরা।
সম্মেলনে লালমোহন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী পাঁচ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসেনকে সভাপতি এবং রমাগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনের আগে নেতৃবৃন্দ লালমোহন উপজেলা শাখার সাবেক সেক্রেটারি ও পূর্ব ধলীগৌরনগর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মরহুম মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদারের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
সম্মেলন শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের নেতারা। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য করুন