মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহনে ৪০ জন অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে ক্ষুদ্র পুঁজি হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা উপকারভোগীদের অনুদানের অর্থ তাৎক্ষণিক খরচ না করে ক্ষুদ্র ব্যবসা, পশুপালন কিংবা হাঁস-মুরগির খামার গড়ে তোলার মাধ্যমে স্থায়ী আয়ের উৎস তৈরির আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল।
বক্তারা বলেন, প্রত্যেক উপকারভোগীকে দেওয়া হয়েছে ১০ হাজার টাকার ক্ষুদ্র পুঁজি। এই অর্থ দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে সাময়িক চাহিদা পূরণ করলে তা দ্রুত শেষ হয়ে যাবে। এর পরিবর্তে ছাগল পালন, হাঁস-মুরগির খামার কিংবা ছোটখাটো ব্যবসা শুরু করলে নিয়মিত আয়ের সুযোগ তৈরি হবে। এতে তাঁদের আত্মনির্ভরশীলতা বাড়বে এবং জীবনযাত্রার মান উন্নত হবে।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপকারভোগীদের ভবিষ্যতে আরও বড় পরিসরে সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন