চ্যানেল ভোলা: অসুস্থ অবস্থায়ও অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও মেডিকেল অফিসার ডা. ইরফান মাহমুদকে সম্মাননা স্মারক দিয়েছে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভোলার সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
জানা গেছে, সম্প্রতি অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে আসা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে অসহায় ও দরিদ্র রোগীদের প্রতি ডা. ইরফান মাহমুদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার বিষয়টি ভিডিওতে উঠে আসায় তা ব্যাপক প্রশংসা কুড়ায়। পরে বিষয়টি মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার কতৃপক্ষের নজরে আসলে তারা ওই চিকিৎসককে সম্মাননা দেওয়ার উদ্যেগ নেন।
সম্মননা স্মারক প্রদান অনুষ্ঠানে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেম, “চিকিৎসাসেবায় দায়িত্বশীলতা, আন্তরিকতা ও রোগীর প্রতি সহমর্মিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন চিকিৎসকের দায়িত্ব শুধু রোগ নির্ণয় ও চিকিৎসা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, রোগীর মানসিক অবস্থার প্রতিও যত্নশীল হওয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন, “ডা. ইরফান মাহমুদ অসুস্থ অবস্থাতেও রোগীদের সেবা দিয়ে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়। তাঁর এমন মানবিক কর্মকাণ্ড অন্যদেরও রোগীদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে।” একই সঙ্গে তাঁর মানবিক কর্মকাণ্ডকে স্বীকৃতি দিয়ে সম্মাননা দেওয়ায় মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগের প্রশংসা করেন তিনি।
সম্মাননা স্মারক গ্রহণ করে ডা. ইরফান মাহমুদ বলেন, “একজন চিকিৎসক হিসেবে রোগীর পাশে দাঁড়ানো আমার পেশাগত দায়িত্ব। নিজের অসুস্থতা থাকলেও জরুরি বিভাগে আসা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টি আমি গুরুত্বের সঙ্গে দেখি। বিশেষ করে অসহায় ও দরিদ্র রোগীরা যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সবসময় আন্তরিক থাকার চেষ্টা করি।”
তিনি বলেন, “মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা আমার কাজকে মূল্যায়ন করে যে সম্মাননা দিয়েছে, তা আমাকে আরও উৎসাহিত করেছে। ভবিষ্যতেও দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা করার পাশাপাশি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আমেনা খানম বলেন, “অসুস্থ অবস্থাতেও অসহায় ও দরিদ্র রোগীদের প্রতি ডা. ইরফান মাহমুদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা আমাদের নজরে এসেছে। তাঁর এই মানবিক উদ্যোগকে উৎসাহিত করতেই সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সমাজে মানুষের পাশে দাঁড়ানোর এমন ইতিবাচক উদ্যোগকে আমরা সবসময় উৎসাহিত করতে চাই।”
মানবতার বন্ধন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মাকসুদুর রহমান মুঠোফোনে বলেন, “অসুস্থ অবস্থায় থেকেও অসহায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ডা. ইরফান মাহমুদকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ চিকিৎসাসেবায় দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধকে উৎসাহিত করবে বলে আমরা বিশ্বাস করি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান (ইমন), অর্থবিষয়ক সম্পাদক বিবি আয়শা, সদস্য ইশরাত জাহান, দৈনিক সোনালী কণ্ঠের ভোলা জেলা প্রতিনিধি মো. রাফসান জানি এবং The Economist-এর ভোলা জেলা প্রতিনিধি তানজিল হোসেনসহ অন্যরা।
মন্তব্য করুন