মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে লালমোহন বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি সাদেক ঝান্টু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাটোয়ারি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি শফিউল্লাহ হাওলাদার, উপজেলা বিএনপির সহসভাপতি ও লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারি এবং সাংগঠনিক সম্পাদক নিরব হাওলাদার। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিবসের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় দল-মতনির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন