আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাটির নিচে বিপুল গ্যাস, উপরে শিল্পায়নের হাহাকার: সম্ভাবনার খনিতে ধুঁকছে বোরহানউদ্দিন

 

Brother IT Digital

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন (ভোলা) : ভোলার বোরহানউদ্দিন উপজেলার মাটির নিচে রয়েছে বিপুল প্রাকৃতিক গ্যাসের মজুত। শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস দিয়ে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ, যা যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। অথচ যে জনপদের প্রাকৃতিক সম্পদ দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, সেই জনপদেই গড়ে ওঠেনি প্রত্যাশিত শিল্পকারখানা। তৈরি হয়নি পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ। ফলে গ্যাস ও বিদ্যুতের প্রাচুর্য থাকা সত্ত্বেও শিল্পায়নের অভাব ও বেকারত্বের চাপে পিছিয়ে রয়েছে সম্ভাবনাময় বোরহানউদ্দিন।

স্থানীয়দের প্রশ্ন, বোরহানউদ্দিনের মাটির নিচের সম্পদ যদি জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখতে পারে, তাহলে সেই সম্পদের সুফল থেকে স্থানীয় মানুষ বঞ্চিত থাকবেন কেন?

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালে বোরহানউদ্দিনের শাহবাজপুরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। পরবর্তী সময়ে গ্যাসক্ষেত্রটি থেকে উৎপাদন শুরু হয়। বিভিন্ন সময়ে অনুসন্ধান, ত্রিমাত্রিক (থ্রি-ডি) সাইসমিক জরিপ ও কূপ খননের মাধ্যমে এখানে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাসের মজুত থাকার তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, শাহবাজপুর গ্যাসক্ষেত্রে গ্যাসের মজুত প্রায় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। ভোলার অন্যান্য গ্যাসক্ষেত্রসহ মোট মজুতের পরিমাণ প্রায় ১ দশমিক ৪ টিসিএফ বলে উল্লেখ করা হচ্ছে।

বর্তমানে শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে দৈনিক প্রায় ৭৫ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের তথ্য রয়েছে। এই গ্যাসকে কেন্দ্র করে বোরহানউদ্দিনে গড়ে উঠেছে ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, ২২০ মেগাওয়াট ক্ষমতার ডুয়েল ফুয়েল বিদ্যুৎকেন্দ্র এবং ৯৫ মেগাওয়াটের রেন্টাল বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা। এসব কেন্দ্রের সম্মিলিত উৎপাদন সক্ষমতা প্রায় ৫৪০ মেগাওয়াট।

তবে বিদ্যুৎ উৎপাদনের বাইরে স্থানীয় অর্থনীতিতে গ্যাসের ব্যবহার ও শিল্পায়নের ক্ষেত্রে তেমন অগ্রগতি নেই। গ্যাসনির্ভর বড় শিল্পকারখানা, সার কারখানা কিংবা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিকারী কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে না ওঠায় স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না। প্রতিদিন এই জনপদের বুকের ওপর দিয়ে গ্যাসের পাইপলাইন চলে গেলেও কর্মসংস্থানের অভাবে অনেক তরুণকে কাজের সন্ধানে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাড়ি জমাতে হচ্ছে।

স্থানীয় শিক্ষিত বেকার যুবক মো. শেখ ফরিদ বলেন, ‘আমাদের চোখের সামনে দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস চলে যাচ্ছে। অথচ এই সম্পদের ওপর দাঁড়িয়ে থেকেও আমরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছি না। একটি বিদ্যুৎকেন্দ্র ছাড়া এখানে এমন বড় কোনো শিল্পকারখানা নেই, যেখানে স্থানীয় শিক্ষিত ও অদক্ষ যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। কাজের সন্ধানে আমাদের অন্য শহরে যেতে হচ্ছে। আমরা চাই, সরকার এই বিপুল প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে বোরহানউদ্দিনেও শিল্পায়নের উদ্যোগ নিক।’

সংশ্লিষ্টদের মতে, গ্যাস ও বিদ্যুতের সহজলভ্যতা, ভৌগোলিক অবস্থান এবং বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বোরহানউদ্দিন দক্ষিণাঞ্চলের অন্যতম শিল্পকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এখানে গ্যাসভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান, সার কারখানা, সিরামিক, কাচ, পেট্রোকেমিক্যালসহ বিভিন্ন উৎপাদনমুখী শিল্প স্থাপনের সম্ভাবনা রয়েছে। তবে বিনিয়োগবান্ধব পরিবেশ, উন্নত যোগাযোগব্যবস্থা, জমির প্রাপ্যতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে সেই সম্ভাবনা এখনো বাস্তবে রূপ নেয়নি।

বোরহানউদ্দিনের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা আবু জাফর মৃধা বলেন, ‘বোরহানউদ্দিনে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন এখন সময়ের দাবি। এখানে গ্যাস ও বিদ্যুতের প্রাপ্যতা থাকায় সার কারখানা, সিরামিক, কাচ, পেট্রোকেমিক্যালসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ রয়েছে। সরকার যদি একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে, তাহলে শুধু ভোলা নয়, পুরো দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।’

শিল্পায়নের পাশাপাশি স্থানীয় উন্নয়ন ও নাগরিক সুবিধার ক্ষেত্রেও গ্যাসসম্পদের সুফল পাওয়ার প্রত্যাশা রয়েছে এলাকাবাসীর। তাঁদের মতে, প্রাকৃতিক সম্পদ উত্তোলনের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বোরহানউদ্দিনের শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি মো. মোস্তফা কামাল বলেন, ‘গ্যাসের সুফল স্থানীয় মানুষ পুরোপুরি পাচ্ছেন না। পরিবেশের ভারসাম্য রক্ষা করে এখানে দ্রুত শিল্পকারখানা স্থাপন করা প্রয়োজন। জাতীয় স্বার্থে এই সম্পদ ব্যবহারের বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে যে এলাকার মাটি থেকে সম্পদ উত্তোলন হচ্ছে, সেই এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও কার্যকর ভূমিকা থাকা উচিত।’

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন বলেন, ‘বিপুল গ্যাস ও বিদ্যুৎসম্পদকে কেন্দ্র করে বোরহানউদ্দিনে শিল্পায়নের সুযোগ রয়েছে। এখানে শিল্পকারখানা স্থাপন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। জমির প্রাপ্যতা ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা গেলে ভবিষ্যতে এখানে বড় ধরনের শিল্পায়নের সুযোগ তৈরি হবে।’

বোরহানউদ্দিনের মাটির নিচের প্রাকৃতিক সম্পদ দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এখন সেই সম্পদকে ঘিরে স্থানীয় অর্থনীতির বিকাশ, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি এলাকাবাসীর প্রধান দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ, কার্যকর সরকারি পরিকল্পনা এবং বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করা গেলে বদলে যেতে পারে বোরহানউদ্দিনের অর্থনৈতিক চিত্র। স্থানীয়দের প্রত্যাশা, মাটির নিচের এই সম্পদের সুফল একদিন জাতীয় গ্রিডের পাশাপাশি পৌঁছাবে তাঁদের জীবনমান উন্নয়নেও।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

1

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংল

2

পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না

3

জুলাই আন্দোলনে কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই: জামায়াত আমির

4

দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান

5

সার মজুতকারীকে হাদিসের আলোকে 'ক্ষমা' করলেন কৃষি কর্মকর্তা!

6

লালমোহনে হা-মীম স্কুল ও অধ্যক্ষকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

7

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধ

8

সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাতের বাসায় হামলার প্রতিবাদে ভ

9

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

10

শেখ হাসিনার ব্যাপারেও আইন নিজস্ব গতিতে চলবে: লুৎফুজ্জামান বা

11

'ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে'

12

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচির ঘোষণা হাসনাতের

13

জুই আবাসন প্রকল্পের বেহাল দশা পরিদর্শনে এসিল্যান্ড

14

তজুমদ্দিনে ১ কোটি ৩১ লাখ টাকার মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়মের

15

আমি চেয়ারম্যান হলে ইলিশাকে মাদকমুক্ত করবো: কামাল

16

এনআইডি সংশোধনে জালিয়াতি ঠেকাতে ইসির নতুন উদ্যোগ

17

ঘরের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা: জুবাইদা রহমা

18

জাতীয়করণের পথে চরফ্যাশন-মনপুরার ৩ শিক্ষা প্রতিষ্ঠান

19

ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার

20