বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন ও সাবেক ইউপি সদস্য বাচ্চু মেম্বারের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে হাকিমুদ্দীন বাজারে বিদ্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, প্রধান শিক্ষক মহিউদ্দিন ও সাবেক ইউপি সদস্য বাচ্চু মেম্বার নির্দোষ। একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তাদের মিথ্যা মামলায় জড়িয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত না করেই তাদের গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, মহিউদ্দিন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে বাচ্চু মেম্বারও এলাকায় একজন পরিচিত সমাজসেবক হিসেবে কাজ করেছেন। তাদের দাবি, ব্যক্তিগত ও স্থানীয় বিরোধের জেরে ষড়যন্ত্রমূলকভাবে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে তাদের দ্রুত মুক্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২২ জুলাই এক শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। একই ঘটনায় সহযোগিতা ও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে সাবেক ইউপি সদস্য বাচ্চু মেম্বারসহ আরও একজনকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।
তবে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, মামলার বাদীপক্ষের অভিযোগ, ঘটনার পর বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন