মো. মামুন হাজী, লালমোহন: মেঘনা ও তেঁতুলিয়া নদীবিধৌত দ্বীপজেলা ভোলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবার ড্রোন ক্যামেরায় তুলে ধরছেন তরুণ ভ্রমণপ্রেমী ও কনটেন্ট নির্মাতা আয়ান আহমেদ ফরহাদ। তাঁর ড্রোনে ধারণ করা ভোলার নদী, চরাঞ্চল, সবুজ ফসলের মাঠ ও গ্রামীণ জনপদের মনোমুগ্ধকর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।
আয়ান আহমেদ ফরহাদের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। ছোটবেলা থেকেই ভ্রমণ ও প্রকৃতির প্রতি তাঁর বিশেষ ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়িয়েছেন তিনি। এরই মধ্যে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণের পাশাপাশি জয় করেছেন দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘সাকা হাফং’।
দেশের বিভিন্ন প্রান্তের পাহাড়-পর্বত ও দর্শনীয় স্থান ঘুরে দেখলেও নিজের জন্মভূমি ভোলার প্রতি তাঁর ভালোবাসা আলাদা। পর্যটনের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও ভোলার অনেক প্রাকৃতিক সৌন্দর্য এখনো দেশের মানুষের কাছে অজানা। সেই সৌন্দর্য সবার সামনে তুলে ধরতেই ড্রোন ক্যামেরা নিয়ে কাজ শুরু করেন তিনি।
আয়ানের ফেসবুক পেজ ‘Frames of Ayan 2’-এ প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ভোলার দিগন্তজোড়া সবুজ ফসলের মাঠ, আঁকাবাঁকা নদী, চর কুকরি-মুকরি, মনপুরার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্যবাহী জ্যাকব টাওয়ারসহ জেলার নানা দর্শনীয় স্থান। আকাশ থেকে ধারণ করা এসব দৃশ্য ভোলার পরিচিত প্রকৃতিকে যেন নতুনভাবে তুলে ধরেছে।
আয়ান আহমেদ ফরহাদ বলেন, ছোটবেলা থেকেই ঘুরতে ভালোবাসেন তিনি। বিশেষ করে পাহাড়ের প্রতি তাঁর আলাদা আকর্ষণ রয়েছে। দেশের ৬৪ জেলা ঘোরার পাশাপাশি সর্বোচ্চ চূড়া সাকা হাফং জয় করার অভিজ্ঞতাও হয়েছে তাঁর। তবে দেশের বিভিন্ন জায়গা ঘুরলেও নিজের জেলা ভোলার প্রাকৃতিক বৈচিত্র্য তাঁর কাছে অনন্য।
তিনি বলেন, ড্রোনের মাধ্যমে ভোলার লুকানো সৌন্দর্য সবার সামনে তুলে ধরতে চান। তাঁর প্রত্যাশা, এসব দৃশ্য দেখে দেশ-বিদেশের ভ্রমণপিপাসু মানুষ ভোলায় ঘুরতে আসতে আগ্রহী হবেন।
ভবিষ্যতেও ভোলার অজানা ও দুর্গম চরাঞ্চলের সৌন্দর্য, স্থানীয় মানুষের জীবনযাত্রা এবং দেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণগল্প তুলে ধরার পরিকল্পনা রয়েছে তাঁর। আয়ানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভ্রমণপ্রেমীরা। তাঁদের মতে, এ ধরনের সৃজনশীল উদ্যোগ ভোলার পর্যটন সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন