মো. সবুজ, ভোলা: ভোলার চরফ্যাশনে যৌথ অভিযান চালিয়ে বৈধ লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটাগুলোর উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ আইচা ও দুলারহাট থানাধীন বিভিন্ন এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশালের ভোলা ক্যাম্প ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন।
এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অভিযানকালে দক্ষিণ চর মানিকা এলাকার মেসার্স আকন ব্রিকস ও মেসার্স রাত্রি ব্রিকস এবং ঘোষের হাট এলাকার মেসার্স জোসনা ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ইটভাটাগুলোর বৈধ লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, বিভিন্ন লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতিসহ নানা অনিয়ম পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিনটি ইটভাটা কর্তৃপক্ষকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়। পাশাপাশি ইটভাটাগুলোর উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এসআরবি'র বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং প্রচলিত আইন ও বিধিবিধান বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন