বিশেষ প্রতিনিধি: জাতীয় পর্যায়ে তরুণ নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ যুব সংগঠক অ্যাওয়ার্ড’ পেয়েছেন ভোলার কৃতী সন্তান মো. শাফায়াত হোসেন সিয়াম।
রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরা শুভসংঘের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সহসম্পাদক ও বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
দীর্ঘদিন ধরে যুব নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবী, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছেন শাফায়াত হোসেন সিয়াম। তরুণদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা রয়েছে।
এ অর্জনে আনন্দ প্রকাশ করে সিয়াম বলেন, এ স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত সবার সম্মান। ভবিষ্যতেও মানুষের কল্যাণে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চান তিনি।
মন্তব্য করুন