মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরায় খেজুরের রস ও গুড় সংগ্রহে গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। গাছিদের এমন আগাম প্রস্তুতিতে গ্রামাঞ্চলে ফিরতে শুরু করেছে শীতের চিরচেনা আমেজ।
উপজেলার বিভিন্ন এলাকার বাড়ির আঙিনা, রাস্তার পাশ ও ফসলি জমির পাশে থাকা খেজুর গাছগুলোতে চলছে পরিচর্যা ও কাটার কাজ। কোমরে দড়ি বেঁধে গাছে উঠে নিপুণ হাতে গাছের মাথা পরিষ্কার করছেন গাছিরা। কোথাও ডালপালা ছাঁটা হচ্ছে, আবার কোথাও রস সংগ্রহের উপযোগী করে তৈরি করা হচ্ছে গাছ।
স্থানীয় গাছিরা জানান, শীতের শুরুতেই খেজুর গাছ প্রস্তুত করতে হয়। সময়মতো গাছ কাটা ও পরিচর্যা করা গেলে ভালো রস পাওয়া যায়। তবে আবহাওয়া, গাছের বয়স ও পরিচর্যার ওপর রসের পরিমাণ নির্ভর করে। খেজুরের রস সংগ্রহের পাশাপাশি তা থেকে গুড় তৈরি করে বাড়তি আয়ও করেন অনেকে।
একসময় মনপুরার গ্রামাঞ্চলে খেজুরের রস ও গুড়ের ব্যাপক কদর ছিল। তবে সময়ের পরিবর্তনে কমছে খেজুর গাছের সংখ্যা, হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ঐতিহ্যবাহী গাছি পেশারও। এ ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ সংরক্ষণ ও নতুন গাছ লাগানোর ওপর গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা।
শীতের সকালে খেজুরের তাজা রস, গুড় আর পিঠাপুলির স্বাদ নিতে এখন অপেক্ষায় মনপুরার মানুষ। আর সেই আয়োজনকে সামনে রেখে গাছিদের আগাম প্রস্তুতিতে গ্রামাঞ্চলে ফিরতে শুরু করেছে শীতের চিরচেনা আমেজ।
মন্তব্য করুন