ভোলা প্রতিনিধি:ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলাকোপা গ্রামের শনিরকান্দি এলাকায় শত বছরের পুরোনো একটি রাস্তা দখল করে গাছ রোপণের অভিযোগ স্থানীয় এক মহিলা নেত্রী জাহানারা বেগমের বিরুদ্ধে। এতে দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ হয়ে ৩০ থেকে ৪০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, শনিরকান্দি এলাকার ওই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে অন্তত ৩০ থেকে ৪০টি পরিবারের মানুষ চলাচল করে আসছেন। এলাকাবাসীর দাবি, রাস্তাটি শত বছরের পুরোনো এবং সরকারি রাস্তা হিসেবে পরিচিত। তবে জাহানারা বেগম রাস্তাটিকে নিজের সম্পত্তি দাবি করে সেখানে গাছ রোপণ করে দখলে নিয়েছেন। এতে দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীরা জানান, রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় গর্ভবতী নারী, ছোট ছোট স্কুলশিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নেওয়া এবং স্কুলশিক্ষার্থীদের যাতায়াত কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় দ্রুত রাস্তাটি দখলমুক্ত করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসী বলেন, এই রাস্তা দিয়ে আমাদের পূর্বপুরুষেরা চলাচল করেছেন। আমরাও দীর্ঘদিন ধরে এই রাস্তা ব্যবহার করে আসছি। হঠাৎ করে জাহানারা রাস্তাটি নিজের সম্পত্তি দাবি করে দখল করে নিয়েছেন। আমরা জানি, এটি সরকারি রাস্তা। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং রাস্তাটি আগের মতো দখলমুক্ত করে চলাচলের উপযোগী করার দাবি জানাচ্ছি।
তবে অভিযোগ অস্বীকার করে জাহানারা বেগম বলেন, আমি আমার নিজের জায়গায় গাছ রোপণ করেছি। এতদিন তারা আমার রাস্তা দখল করে রেখেছিল।
এ বিষয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এ ব্যাপারে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের এই চলাচলের পথের প্রকৃত মালিকানা ও সরকারি রাস্তা হিসেবে এর অবস্থান নির্ধারণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে রাস্তাটি দখলমুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
মন্তব্য করুন