মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরায় সরকারি জমিতে ৫২টি দোকানের ভিটি বরাদ্দ বাতিলের দাবিতে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে সহস্রাধিক ব্যবসায়ী অংশ নেন। এতে ভোগান্তিতে পড়েন বাজারে আসা ক্রেতারা।
ব্যবসায়ীদের দাবি, প্রায় ৫০ বছরের পুরোনো হাজিরহাট বাজারের পাশে নতুন করে ভিটি বরাদ্দ দেওয়া হলে তাঁদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে বুধবার রাতে অবস্থান কর্মসূচি পালন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তাঁরা।
উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও চতুর্থ শ্রেণি ক্লাবসংলগ্ন সরকারি জমিতে ৫২টি ভিটি বরাদ্দের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। এর মধ্যে ৪২টি ভিটির জন্য ৫০ হাজার টাকা এবং ১০টি ভিটির জন্য এক লাখ টাকা পে-অর্ডার দিয়ে আবেদন নেওয়া হয়। পরে লটারির মাধ্যমে বরাদ্দের জন্য আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হয়।
ব্যবসায়ী নেতারা জানান, ভিটি বরাদ্দের কার্যক্রম বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব চ্যানেল ভোলাকে বলেন, উপজেলা পরিষদের আর্থিক খাত বাড়াতে ভিটি বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আপাতত বরাদ্দের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
মন্তব্য করুন