চ্যানেল ভোলা: ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিরোধপূর্ণ জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আদালতের নির্দেশে উভয় পক্ষকে জমিতে প্রবেশ ও যেকোনো ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নোটিশ দেওয়া হলেও তা অমান্য করে দোকানঘর নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মধ্য জয়নগর ইউনিয়নের তালতলা এলাকায় এঘটনা ঘটে।
জানা গেছে, দৌলতখান উপজেলার মধ্যজয়নগর মৌজার ১৬ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী মোস্তফা কামাল গংদের মধ্যে রাকিব হোসাইনের বিরোধের সৃষ্টি হয়। পরে রাকিব হোসাইন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে
ওই জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দু'পক্ষে ওই জমিতে প্রবেশ ও যেকোন ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন আদালত।
এদিকে, গতকাল আদালতের নির্দেশনা অমান্য করে প্রতিপক্ষ ওই বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক দোকানঘর নির্মাণের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন রাকিব। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে নির্মাণ কাজ বন্ধ করেন এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে আসেন।
ভুক্তভোগী রাকিব হোসাইন জানান, জমিটি আমার বাবার। আমার বাবার মৃত্যুর পর আমাদের ওয়ারিশি বুজিয়ে না দিয়ে আমার সৎ মা ওই জমিটি প্রতিবেশীদের কাছে বিক্রির চেষ্টা করেন। যার ফলে আমার বাবার সম্পত্তি রক্ষায় আমি আদালতে একটি মামলা দায়ের করেছি। কিন্তু তা আইন অমান্য করে ওই জমিতে জোরপূর্বক দোকানঘর নির্মানের চেষ্টা চালায়।
তিনি আরও বলেন, আমি খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করে নিয়ে আসে। এছাড়াও জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ আমাকে ফাঁসাতে বিভিন্ন রকম চক্রান্ত করছে। এসময় তিনি এ ঘটনার উপযুক্ত বিচারের দাবি জানান।
এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে কোনো পক্ষ নতুন করে কার্যক্রম চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।
এদিকে আদালতের নির্দেশনা অনুযায়ী বিরোধপূর্ণ সম্পত্তিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ আদালতের নির্দেশ অমান্য করে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন