মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তাঁকে ঘিরে গণমাধ্যমগুলো একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করেছে। এক ঘণ্টা পরপর তাঁর বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশরাক হোসেন।
তিনি বলেন, ‘একটা ঘটনা স্বনামধন্য গণমাধ্যমগুলো যেভাবে উপস্থাপন করেছে, তাতে কিছু বলার নেই। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি।’ এ সময় গণমাধ্যমের প্রতি নিজের হতাশ হওয়ার কথাও জানান তিনি।
ইশরাক বলেন, ‘প্রতিমন্ত্রী, অস্ত্র, ইশরাক, অভিযান’-এ ধরনের শব্দ ব্যবহার করে গণমাধ্যমগুলো শিরোনাম করেছে এবং ফটোকার্ড তৈরি করেছে। শিরোনাম ও ফটোকার্ড তিনি সংবাদ সম্মেলনে নিয়ে আসতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত আনেননি।
মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিশেষ কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে সংবাদ জানান ইশরাক হোসেন।
তিনি দাবি করেন, তার পদত্যাগের সিদ্ধান্ত দল চায়নি; বরং দলের ইচ্ছার বিরুদ্ধে তাকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। পদত্যাগের পর মাদকের বিরুদ্ধে আরও আগ্রাসীভাবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
মন্তব্য করুন