মনপুরা প্রতিনিধি: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এক মাইক্রোবাসচালক ও তাঁর হেলপারকে মারধর, নগদ ৩০ হাজার টাকা ছিনতাই এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার যুবকসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী চালক।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজগঞ্জ বাজারের দক্ষিণ পাশে সড়কে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী মো. ইব্রাহিম (৩৫) উপজেলার ঈশ্বরগঞ্জ এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় মাইক্রোবাসচালক।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে রামনেওয়াজ ঘাটে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে ইব্রাহিমের মাইক্রোবাসের হেলপারের সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। অভিযুক্তরা মোটরসাইকেলে যাত্রী পরিবহন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ইব্রাহিম ঘাট থেকে যাত্রী নিয়ে সাকুচিয়ার উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে অভিযুক্তরা তাঁর মাইক্রোবাসের পথরোধ করেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাঁকে ও তাঁর হেলপারকে গাড়ি থেকে নামিয়ে লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইব্রাহিমের দাবি, হামলাকারীরা তাঁর পকেটে থাকা ২০ হাজার টাকা এবং হেলপারের কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে যান। এ ছাড়া মাইক্রোবাসের সামনের, পাশের ও পেছনের কাচ ভাঙচুর করা হয়। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ঘটনার পর ইব্রাহিম ও তাঁর হেলপার মনপুরা হাসপাতালে চিকিৎসা নেন। তাঁর দাবি, ঘটনার পর থেকে মাইক্রোবাসটি ঘটনাস্থলে পড়ে রয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ইব্রাহিম।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য করুন