জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজ সংকেতের অপেক্ষায় থাকা এই কমিটি যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে ।
এই নতুন কমিটি আসার মধ্য দিয়ে অবসান ঘটতে যাচ্ছে রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির নেতৃত্বাধীন বর্তমান কমিটির। একই সঙ্গে বিগত দিনে রেকর্ডসংখ্যক সাংগঠনিক ইউনিট গঠন করা এই নেতৃত্বের অধ্যায় শেষ করে সংগঠনের ব্যাটন উঠবে নতুন প্রজন্মের হাতে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের বিদায়ী শীর্ষ পাঁচ নেতা। বৈঠকে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ও সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদলের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বিএনপির চেয়ারম্যান।
বৈঠক সূত্রে জানা যায়, বিদায়ী নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের পতনে তোমরা অসামান্য আন্দোলন ও সংগ্রাম করেছ। রাজপথের এই লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তবে নিয়মানুযায়ী এখন ছাত্রদলে তোমাদের সময় শেষ- এখন সময় এসেছে নতুনদের সুযোগ করে দেওয়ার এবং মূল দলের রাজনীতিতে যুক্ত হওয়ার।
জানা যায়, এ সময় তিনি ভবিষ্যৎ রাজনীতিতেও পেশাদারত্ব, শৃঙ্খলা ও ত্যাগী মানসিকতা বজায় রাখার তাগিদ দেন। বিদায়ী নেতারাও কেন্দ্রের এই সিদ্ধান্তকে পূর্ণ শ্রদ্ধা জানিয়ে দলের যেকোনো দায়িত্ব পালনে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।
২০২৪ সালের ১ মার্চ সভাপতি পদে রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দীন নাছিরের দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে এই কমিটির যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের মেয়াদ দুই বছর হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারিই এই কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরপর থেকেই পদপ্রত্যাশী ও উদীয়মান নেতাদের মধ্যে তীব্র লবিং ও তৎপরতা শুরু হয়।
এবার আলোচনায় যারা রয়েছেন
ছাত্রদলের নতুন কেন্দ্রীয় সংসদের শীর্ষ পদগুলোতে আসার দৌড়ে বেশ কয়েকজন পরীক্ষিত ও পরিচিত মুখ জোড়ালোভাবে আলোচনায় রয়েছেন। সম্ভাব্য শীর্ষ পদপ্রত্যাশীদের তালিকায় নাম রয়েছে- আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া (সিনিয়র সহ-সভাপতি), ইজ্জাজুল কবির রুয়েল (সহ-সভাপতি), ডা. তৌহিদুর রহমান আউয়াল (সহ-সভাপতি), আমান উল্লাহ আমান (সাংগঠনিক সম্পাদক), মমিনুল ইসলাম জিসান (এক নম্বর যুগ্ম সম্পাদক), শরীফ প্রধান শুভ (প্রচার সম্পাদক), গণেশ চন্দ্র রায় সাহস (সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল), মো. মোস্তাফিজুর রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক), বোরহান উদ্দিন ইশরাক (সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রদল)।
তবে শেষ পর্যন্ত কাদের কাঁধে সংগঠনের শীর্ষ নেতৃত্ব উঠছে, তা সম্পূর্ণ নির্ভর করছে বিএনপির শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের ওপর।
আরও জানা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন ও আন্দোলন-সংগ্রামের পর ছাত্রদলকে আরও গতিশীল, আধুনিক এবং প্রকৃত শিক্ষার্থীদের সংগঠনে রূপান্তর করার ওপর জোর দিচ্ছে দলীয় হাই কমান্ড।
এদিকে নতুন কমিটিতে রাজপথে পরীক্ষিত ত্যাগী মুখগুলোকে যথাযথ গুরুত্ব দেওয়ার জোরালো গুঞ্জন রয়েছে।
মন্তব্য করুন