শিহাব আহমেদ, চরফ্যাশন (ভোলা): ‘মাদকের বিরুদ্ধে গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ’—এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে মাদকবিরোধী জনসচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে শশীভূষণ মানবিক টিম।
শুক্রবার বিকেলে শশীভূষণ বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মাদকের ভয়াবহতা তুলে ধরা হয় এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে শশীভূষণ মানবিক টিমের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হাসান।
এ সময় ওসি ফিরোজ হাসান মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, মাদক কারবারি যে-ই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শশীভূষণ মানবিক টিমের সদস্যরাও মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁদের মতে, মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সংশ্লিষ্টরা জানান, জনসচেতনতা বৃদ্ধি, মাদকের কুফল সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সামাজিকভাবে মাদক প্রতিরোধের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলে মনে করছেন শশীভূষণ মানবিক টিমের সদস্যরা।
মন্তব্য করুন