মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ বংশবিস্তার নিশ্চিত করতে ভোলাসহ চার জেলার নদ-নদী ও উপকূলীয় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে কোস্ট গার্ডের বিভিন্ন আউটপোস্ট ও স্টেশনের সমন্বয়ে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় এ অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানের অংশ হিসেবে ভোলার লালমোহন থানাধীন নাজিরপুর লঞ্চঘাট, মহিষখালী, গাইমারা, কচুখালী, গজারিয়া, মুন্সিরচর, দেবিরচর লঞ্চঘাট ও দেউলা এলাকাসংলগ্ন নদ-নদীতে নজরদারি চালানো হচ্ছে।
এ ছাড়া বরগুনার পাথরঘাটা থানাধীন বলেশ্বর ও বিষখালী নদী, পাথরঘাটা লঞ্চঘাট, বিএফডিসি ঘাট, মাছের খাল, চরদুয়ানী, জ্ঞানপাড়া, টেংরা, রুহিতা, হরিণঘাটা, জিনতলা, বাদুরতলা ও নীলিমা পয়েন্টে অভিযান পরিচালিত হচ্ছে।
পটুয়াখালীর কলাপাড়া থানাধীন আন্দারমানিক, হাজীপুর, নিজামপুর, নিশানবাড়িয়া, খাজুয়া, লাল কাঁকড়ার চর ও ফাতরার বন এলাকায় অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে নোয়াখালীর হাতিয়া থানাধীন তমরদ্দী লঞ্চঘাট, চর আতাউর, জাগলার চর ও ঢালচর এলাকাতেও নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি তেঁতুলিয়া নদীর দেবিরচর, দেউলা ও মুন্সিরচরসংলগ্ন নদী ও সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের লালমোহন আউটপোস্ট, কালিগঞ্জ, নিজামপুর, পাথরঘাটা, নিদ্রাসকিনা, আন্দারমানিক ও হাতিয়া স্টেশনের সদস্যরা মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এসব অভিযান পরিচালনা করছেন।
সংশ্লিষ্ট এলাকাগুলোতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন, অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধ এবং মা ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। সংশ্লিষ্টদের আশা, নিয়মিত নজরদারি ও যৌথ অভিযানের মাধ্যমে ইলিশের নিরাপদ প্রজনন এবং বংশবিস্তার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
মন্তব্য করুন