মাত্র ১৪৩ টাকায় কেনা যাবে বাড়ি! এমন সুযোগ অবশ্যই বাংলাদেশে নয়; ইউরোপের অন্যতম দেশ ইতালিতে। সেখানের সিসিলি দ্বীপের ঐতিহাসিক শহর নরোতে মাত্র ১ ইউরোতে কেনা যাবে বাড়ি। শহরের পুরোনো ও পরিত্যক্ত ভবনগুলো সংস্কার করে নতুন করে বসতি গড়ে তুলতেই বাড়ি বিক্রির এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউরোনিউজের এক প্রতিবেদনে এই খবর প্রকাশ হয়েছে।
এতে বলা হয়েছে, শহরটির জনসংখ্যা কমে যাওয়ায় এই পদক্ষেপ। শহরটিকে পুনরুজ্জীবিত করা এবং পর্যটন বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতালীয় ও বিদেশি নাগরিক উভয়েই নির্দিষ্ট স্থানীয় শর্ত পূরণ করে এসব বাড়ি কেনার জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে ‘কাসে ১ ইউরো নরো’ প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা যাবে।
তবে ১ ইউরোতে বাড়ি পাওয়ার বিষয়টি শুনতে যতটা আকর্ষণীয়, বাস্তবে খরচ অনেক বেশি। তালিকাভুক্ত বাড়িগুলোর যে অবস্থা, তা সবই সংস্কার প্রয়োজন। ফলে বাড়ি কেনার পর সংস্কারের পুরো খরচ ক্রেতাকেই বহন করতে হবে।
এ ছাড়া দলিল সম্পাদনের খরচ, নিবন্ধন ফি, ক্যাডাস্ট্রাল বা সম্পত্তি-সংক্রান্ত করও ক্রেতাকে দিতে হবে। বাড়ির নকশা তৈরি, নিরাপত্তা বিধি মেনে সংস্কার, পরিবেশ ও নগর পরিকল্পনার নিয়ম মেনে কাজ করার খরচও বহন করতে হবে ক্রেতাকেই। সংস্কারের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার শর্তও থাকতে পারে।
ঐতিহাসিক নরো শহর
সিসিলির আগ্রিজেন্তো প্রদেশে অবস্থিত নরো শহরটি ঐতিহাসিক স্থাপনা ও বারোক স্থাপত্যের জন্য পরিচিত। শহরের ঐতিহাসিক আকর্ষণের মধ্যে রয়েছে চিয়ারামন্তানো দুর্গ, ১৩ শতকের ‘গোল্ডেন গেট’ বা পোর্তা দ’ওরো এবং উন্মুক্ত শিল্প জাদুঘর। ২০০৫ সালের ভূমিধসের পর ধ্বংসপ্রাপ্ত কয়েকটি ভবনের সম্মুখভাগ স্থানীয় তরুণ শিল্পীরা চিত্রকর্ম দিয়ে সাজিয়ে দেন। পরে সেগুলো নিয়ে গড়ে ওঠে ‘এমএএন’ ওপেন-এয়ার মিউজিয়াম।
ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি নরো সিসিলির ঐতিহ্যবাহী খাবারের জন্যও পরিচিত। স্থানীয় খাবারের মধ্যে রয়েছে ক্যাসাটা, পাস্তা রেয়ালে, আরানচিনা ও কানোলি।
মন্তব্য করুন