মো. সবুজ, ভোলা: ভোলার লালমোহনে পাঁচটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড দক্ষিন জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কমান্ডার সালমান বিন শওকত।
তিনি জানান, গতকাল সোমবার সন্ধ্যায় লালমোহন পৌরসভা বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। অভিযানের ওই এলাকার পাঁচটি গোডাউন তল্লাশি করে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।
তবে অভিযানকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন