মনপুরা (উপজেলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় বিয়ে বাড়িতে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ ও ঝাড়বাতি স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাঢ়ী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। তিনি কোরালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড়বাতি স্থাপনের কাজ করছিলেন আশরাফুল। এ সময় জেনারেটরের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কবির সোহেল জানান, বিদ্যুৎস্পৃষ্ট আশরাফুলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আশরাফুলকে দাফন করা হয়। তাঁর অকালমৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন