মো. মামুন হাজী, লালমোহন: ছিল একটি ওয়ার্কশপের দোকান। স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বৃদ্ধ বাবা-মাকে নিয়ে ছিল সাজানো সংসার। নিজের উপার্জনেই চলত পরিবারের খরচ। চোখে ছিল সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই বদলে গেছে মো. ইসমাইল হোসেনের জীবনের চিত্র। থেমে গেছে উপার্জনের পথ, নেমে এসেছে পরিবারে চরম দুর্দশা।
সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাঁর দুই পা। একাধিকবার অস্ত্রোপচার করেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। বর্তমানে শয্যাশায়ী ইসমাইলের নিজের চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যদের মুখে দুবেলা খাবার তুলে দেওয়াও হয়ে পড়েছে অনিশ্চিত।
ইসমাইল ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা। তিনি মো. আবু কালামের ছেলে। দুর্ঘটনার পর চিকিৎসার ব্যয় মেটাতে বিক্রি করতে হয়েছে নিজের ওয়ার্কশপের দোকান ও জমিজমা। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে হয়েছেন ঋণগ্রস্ত। স্বজনদের দাবি, এখন বসতভিটা ছাড়া আর কোনো সম্পদ অবশিষ্ট নেই।
একসময় নিজের উপার্জনে পুরো সংসারের দায়িত্ব সামলাতেন ইসমাইল। অথচ আজ নিজের দৈনন্দিন কাজেও অন্যের সাহায্যের প্রয়োজন হয় তাঁর। একদিকে নিজের চিকিৎসার ব্যয়, অন্যদিকে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণ—সব মিলিয়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছে পরিবারটির।
ইসমাইলের চিকিৎসা এখনো চলমান। কিন্তু অর্থাভাবে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সংসারের খরচ জোগাড় করাও যেন প্রতিদিনের সংগ্রাম। প্রয়োজনীয় চিকিৎসা ও আর্থিক সহযোগিতা পেলে আবারও স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ জানান, দ্রুত ইসমাইলকে প্রতিবন্ধী ব্যক্তিদের তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি যেন ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল না হন, সে জন্য জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া যেতে পারে।
একসময় নিজের শ্রম ও উপার্জনে পরিবারের মুখে হাসি ফোটানো ইসমাইল এখন আবারও পরিবারের পাশে দাঁড়াতে চান। সন্তানদের মুখে নিজের উপার্জনে খাবার তুলে দিতে চান। ফিরে পেতে চান স্বাভাবিক জীবনের স্বপ্ন।
এই কঠিন সময়ে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও নিজের চিকিৎসা এবং পরিবারের জীবিকা নির্বাহে সহযোগিতার আবেদন জানিয়েছেন ইসমাইল।
ইসমাইলকে সহযোগিতা করতে:
নাম: মো. ইসমাইল হোসেন
বিকাশ/নগদ: 01922601415
ঠিকানা: আবুগঞ্জ বাজার, লালমোহন, ভোলা।
মন্তব্য করুন