যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। ওই সময় দোকানটিতে কর্মরত ছিলেন রাজুসহ দুই বাংলাদেশি। হঠাৎ বন্দুকধারীর গুলিতে তারা দুজনই আহত হন।
গুলিতে রাজুর বুকে গুরুতর আঘাত লাগে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশি চিকিৎসা নেওয়ার পর সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা। স্বজনদের ভাষ্য, রাজু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কয়েক বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করে কাজ করছিলেন এবং নিয়মিত দেশে পরিবারের জন্য অর্থ পাঠাতেন।
রাজুর আকস্মিক মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করতে সহযোগিতা চাওয়া হয়েছে।
এদিকে, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং হামলাকারীর পরিচয় কী—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত করছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য করুন