মোঃ মামুন, দুলারহাট প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বেতুয়া প্রশান্তি পার্ক এলাকায় স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জিত ‘আই লাভ চরফ্যাশন’ সেলফি পয়েন্ট। আধুনিক নকশা, ঝলমলে এলইডি লাইট ও হৃদয়াকৃতির লাল প্রতীকে সাজানো স্থাপনাটি ইতোমধ্যে পর্যটকদের নজর কেড়েছে।
গত ৩০ অক্টোবর উদ্বোধনের পর থেকেই নতুন এই লেটার সাইনেজ দেখতে বেতুয়া প্রশান্তি পার্ক এলাকায় ভিড় করছেন স্থানীয় বাসিন্দা, পর্যটক ও দর্শনার্থীরা। বিশেষ করে রাতের আলোকসজ্জায় স্থাপনাটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এর সামনে দাঁড়িয়ে ছবি ও সেলফি তুলে স্মৃতি ধরে রাখছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে ‘ভালোবাসার চরফ্যাশন’-এর পরিচিতি ছড়িয়ে দিতেও সরব রয়েছেন কনটেন্ট ক্রিয়েটররা।
পর্যটন সম্ভাবনাময় চরফ্যাশনের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিচিতি তুলে ধরতে এ ধরনের নান্দনিক স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন এই সেলফি পয়েন্ট বেতুয়া প্রশান্তি পার্কে দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।
নান্দনিক এ ‘ভালোবাসার চরফ্যাশন’ আই লাভ সাইন স্থাপনের উদ্যোক্তা ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। আর লেটার সাইনেজটির সার্বিক পরিকল্পনায় ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
মন্তব্য করুন