সৈয়দ ইউনুস, তজুমদ্দিন: ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলে ধান কেটে নেওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া অভিযোগের বিষয়ে ভিন্ন দাবি করেছেন স্থানীয় চাষিরা।
বুধবার (২৮ অক্টোবর) ফেসবুক পোস্টে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করতে স্থানীয় সাংবাদিকদের একটি টিম ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলে জমির বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা।
স্থানীয় চাষিদের ভাষ্য অনুযায়ী, নদীর তীরবর্তী ওই এলাকার প্রায় ৩০ থেকে ৩২টি জমিতে আগে ধান চাষ করা হয়েছিল। তবে এসব জমিতে আশানুরূপ ফলন না পাওয়ায় বিকল্প ফসল হিসেবে তরমুজ চাষের উদ্যোগ নেন তাঁরা। নিজেদের মধ্যে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে জমিগুলোতে তরমুজ চাষের জন্য বিনিয়োগ করেন চাষিরা।
চাষিদের দাবি, ধান চাষে প্রত্যাশিত ফলন না হওয়ায় তাঁরা জমিতে তরমুজ চাষের সিদ্ধান্ত নেন এবং এ উদ্যোগে লাভবানও হয়েছেন। কিন্তু জমির প্রকৃত অবস্থা ও তরমুজ চাষের উদ্যোগের বিষয়টি যথাযথভাবে তুলে না ধরে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
তাঁদের অভিযোগ, প্রকৃত ঘটনা যাচাই না করে এমন তথ্য প্রচারের ফলে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে।
চাষিরা জানান, কৃষিজমি ও ফসলের বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁদের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে এর বিরুদ্ধে যথাযথ ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত ঘটনা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না চালানোর আহ্বানও জানান তাঁরা।
মন্তব্য করুন