মো. সবুজ, ভোলা: ভোলা শহরের পৌর এলাকার একটি পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার জামিরালতা এলাকার আবু ডাক্তার বাড়ি জামে মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই মসজিদের পুকুরের মাঝখানে মানুষের মুখমণ্ডলের মতো কিছু একটা ভাসতে দেখেন স্থানীরা। পরে সন্দেহ হলে কাছে গিয়ে দেখতে পান একটি মরদেহ। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একদিন আগে তার মৃত্যু হয়েছে। তবে তার নাম ঠিকানা জানা যায়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। খোঁজখবর নিয়ে জানা গেছে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে শহরের দরগা রোডসহ বেশ কয়েকটি এলাকায় ঘোরাঘুরি করতেন। তবে তার নাম ঠিকানা জানা যায়নি। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন