সিহাব আহমেদ, চরফ্যাশন : এক সময় নিজের হাতে ইট-বালু গেঁথে অন্যের স্বপ্নের ঘর তৈরি করতেন মনির হোসেন। রাজমিস্ত্রির কাজ করে চালাতেন সংসার। নিজেরও ছিল সুস্থ-স্বাভাবিক জীবনে বেঁচে থাকার স্বপ্ন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই মনিরই অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারেন না।
অসুস্থতার কারণে হারিয়েছেন কর্মক্ষমতা, চিকিৎসার অর্থও নেই। পরিবারের দাবি, তাঁর অসুস্থতার কারণে স্ত্রীও তাঁকে ছেড়ে চলে গেছেন। এখন অসুস্থ ছেলেকে আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন মনিরের বৃদ্ধ মা।
ভোলার চরফ্যাশন উপজেলার এয়াজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনির হোসেনের জীবনে নেমে এসেছে এমনই এক কঠিন বাস্তবতা।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৫ সালে কোমরের হিপ জয়েন্ট নষ্ট হয়ে যায়। এরপর থেকেই ধীরে ধীরে থমকে যায় তাঁর স্বাভাবিক জীবন। যে মানুষটি একসময় সারাদিন পরিশ্রম করে পরিবারের মুখে খাবার তুলে দিতেন, আজ সেই মানুষটিকেই চলাফেরার জন্য অন্যের সহযোগিতা নিতে হয়। দীর্ঘদিন চিকিৎসা করাতে গিয়ে জমানো প্রায় দুই লাখ টাকা শেষ হয়ে গেছে। অর্থাভাবে এখন বন্ধ হওয়ার পথে তাঁর চিকিৎসা।
মনিরের অসুস্থতার কারণে স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছেন বলে দাবি পরিবারের। একদিকে প্রিয়জনের চলে যাওয়ার কষ্ট, অন্যদিকে অসহ্য শারীরিক যন্ত্রণা ও অর্থসংকট—সব মিলিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি। ছেলের এমন অবস্থা দেখে প্রতিনিয়ত চোখের পানি ফেলছেন বৃদ্ধ মা। বয়সের ভারে নুয়ে পড়া এই মায়ের এখন একটাই চাওয়া, যেভাবেই হোক ছেলেকে সুস্থ করে তুলতে হবে।
কান্নাজড়িত কণ্ঠে মনিরের মা বলেন, ‘ছেলের অসুস্থতার কারণে তার বউ তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমি তো মা, আমি কীভাবে আমার ছেলেকে ছেড়ে যাব? ছেলেকে নিয়ে আমার অনেক কষ্ট। আমি শুধু চাই, আমার ছেলেটা আবার সুস্থ হয়ে উঠুক। সমাজের বিত্তবান মানুষ ও প্রবাসী মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার ছেলের চিকিৎসার জন্য একটু সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতায় হয়তো আমার ছেলেটা আবার বাঁচার স্বপ্ন দেখতে পারবে।’
মনির হোসেন জানান, দীর্ঘদিন চিকিৎসা করাতে গিয়ে তাঁর জমানো সব টাকা শেষ হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে এখনো প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। কিন্তু নিজের কোনো আয় নেই, পরিবারের পক্ষেও এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।
অসহায় কণ্ঠে মনির বলেন, ‘একসময় রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতাম। নিজের হাতে কত মানুষের ঘর তৈরি করেছি। অথচ আজ নিজের জীবনটাই থমকে গেছে। এখন ঠিকমতো হাঁটতে পারি না, কাজও করতে পারি না। চিকিৎসা করাতে গিয়ে সব টাকা শেষ। আমি আবার সুস্থ হয়ে কাজ করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আপনারা আমাকে একটু সহযোগিতা করুন।’
মনিরকে বাঁচাতে প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা। সমাজের সামর্থ্যবান মানুষ, প্রবাসী ও মানবিক হৃদয়ের মানুষের একটু সহযোগিতাই পারে অসহায় এই মানুষটির চিকিৎসার নতুন পথ খুলে দিতে। হয়তো ফিরিয়ে দিতে পারে বৃদ্ধ মায়ের মুখের হাসি।
মনির হোসেনের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর নম্বর বিকাশ/নগদ: ০১৭২২২৫৯৭৯৫
মন্তব্য করুন