চ্যানেল ভোলা: ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অর্থায়নে নির্মিত ২৬ লাখ টাকা ব্যয়ের একটি বক্স কালভার্ট হস্তান্তরের আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে। কালভার্টটির সংযোগ সড়ক ও সড়কের পাশের পিলার ধসে পড়েছে। এ ঘটনায় নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, কালভার্টটি নির্মাণ করা হলেও এখনো এর সংযোগ সড়কের কাজ পুরোপুরি শেষ হয়নি। ফলে এটি স্থানীয়দের কোনো কাজে আসছে না। এরই মধ্যে টানা বৃষ্টিতে কালভার্টের সংযোগ সড়কের বালু সরে গিয়ে বিভিন্ন স্থানে ফাটল ও ধস দেখা দিয়েছে।
জানা গেছে, বরিশাল-ভোলা-ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে চর ভেদুরিয়া এলাকায় বক্স কালভার্টটি নির্মাণ করা হয়। কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পান মেসার্স খান বিল্ডার্স। কালভার্ট নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয় ২৬ লাখ টাকা।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে যথাযথ মান বজায় রাখা হয়নি। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজে অনিয়মের কারণে হস্তান্তরের আগেই কালভার্টের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র স্রোতে বেইজমেন্টের পাশের মাটি সরে যাওয়ায় সড়কে ফাটল দেখা দিয়েছে।
তারা আরও বলেন, সরকারি অর্থে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হস্তান্তরের আগেই ক্ষতিগ্রস্ত হওয়া উদ্বেগজনক। বিষয়টি তদন্ত করে নির্মাণকাজের মান যাচাই, প্রকল্পের ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত এবং দ্রুত সংযোগ সড়কটি পুনর্নির্মাণের দাবি জানান তারা।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান বিল্ডার্সের স্বত্বাধিকারী মো. শওকত বলেন, “কালভার্টটি এখনো হস্তান্তর করা হয়নি। বৃষ্টির কারণে কিছু কাজ বাকি রয়েছে। প্রচুর বৃষ্টিতে কালভার্টের সংযোগ সড়কের বালু সরে গেছে। বর্তমানে কাজ চলমান রয়েছে। সবকিছু ঠিক করে দেওয়া হবে।”
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ভোলার সহকারী প্রকৌশলী এস এস আতাই রাব্বায়ী চ্যানেল ভোলাকে বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠানকে এখনো কাজের বিল পরিশোধ করা হয়নি। এছাড়া কাজটি আমিও এখনো বুঝে নিইনি।”
মন্তব্য করুন