মো. সবুজ: ভোলা সদর উপজেলার ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেনের ১ ও ২ নম্বর ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের মালেরহাট বাজার এলাকায় এ কর্মীসভার আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘আমি মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচিত হলে পশ্চিম ইলিশা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার। আমি দল-মত নির্বিশেষে সব মানুষের পাশে থাকতে চাই। এ জন্য ১ ও ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।’
তিনি আরও বলেন, নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে ওয়ার্ডে, পাড়া-মহল্লায় শক্তিশালী কমিটি গঠন করবো। যার মাধ্যমে পশ্চিম ইলিশা ইউনিয়ন থেকে মাদককে চিরতরে বিদায় করবো।
সভায় বক্তারা আনোয়ার হোসেনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নির্বাচনে তাঁর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মী ও সমর্থকদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন