জুলফিকার তালুকদার, চরফ্যাশন:‘বাল্যবিবাহ রুখে দিই, কন্যার স্বপ্ন ঘরে তুলি’—এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬ পালিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টায় চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের (অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি) আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আভাসের প্রকল্প ব্যবস্থাপক রবিউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংস্থাটির ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট (YEE) কর্মকর্তা মো. জামাল উদ্দিন। সার্বিক পরিচালনায় ছিলেন আভাসের এসআরএইচআর কর্মকর্তা তাসলিমা খানম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চরমানিকা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইব্রাহিম, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর ডা. ফরিদা খানম এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. লোকমান হোসেন।
বক্তারা বলেন, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালনের মূল উদ্দেশ্য হলো কন্যাশিশুদের অধিকার, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। বর্তমান বিশ্বে পুরুষেরা যে পরিমাণ স্বাধীনতা ভোগ করেন, নারীরা এখনো সমানভাবে সেই স্বাধীনতা ভোগ করতে পারছেন না। তাই কন্যাশিশুদের জন্য বৈষম্যহীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে চরমানিকা ইউনিয়নে বাল্যবিবাহের উদ্বেগজনক পরিস্থিতির কথা উল্লেখ করেন। এ সমস্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘কন্যাসন্তান বাবা-মায়ের বোঝা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা। এ ছাড়া দিনব্যাপী আয়োজনে র্যালি, আলোচনা সভা, কুইজ ও রোল প্লের মাধ্যমে কন্যাশিশুদের অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নেতৃত্বের বিকাশের বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় দুর্বার কন্যা দলের সদস্য, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী শিক্ষার্থী এবং আভাস প্রকল্পের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন