মো. সবুজ: ভোলার সদর উপজেলার চর ভেদুরিয়া এলাকায় মো. শামসুদ্দিন মিঝি (৬০) নামের এক প্রবাসীর ক্রয় করা জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ সময় জমিতে থাকা তিনটি দোকানঘর ও একটি কারখানা উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। তবে জমি দখল ও স্থাপনা উচ্ছেদের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষ।
শামসুদ্দিন মিঝি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত সাদেক মিঝির ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন মাল্টায় প্রবাস জীবন কাটিয়েছেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের হেতনার হাট বাজারসংলগ্ন স্থানে মৃত আব্দুল কাদের পলপান গংদের ওয়ারিশদের কাছ থেকে সাড়ে ১৬ শতাংশ জমি কেনেন শামসুদ্দিন মিঝি। জমি কেনার পর থেকে তিনি তা ভোগদখল করে আসছিলেন। সেখানে তিনটি দোকানঘর ও একটি কারখানা নির্মাণ করেন।
শামসুদ্দিন মিঝির অভিযোগ, দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখলে থাকলেও প্রবাসে থাকার সুযোগে একটি পক্ষ জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৭ সেপ্টেম্বর আলাউদ্দিন ঢালী গংরা তাঁর জমিতে থাকা তিনটি দোকানঘর ও একটি কারখানা উচ্ছেদ করে জমি দখলে নেন। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি আরও বলেন, জমির মালিকানা-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁকে নিজের জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে আলাউদ্দিন ঢালী গংদের ১৪ জনকে অভিযুক্ত করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন ঢালী বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর শামসুদ্দিন মিঝির ভাতিজা মঞ্জুর কাছ থেকে তাঁরা ১২ শতাংশ জমি কেনেন। এরপর থেকে ওই জমি ভোগদখল করে আসছেন তাঁরা। শামসুদ্দিন মিঝির দোকানঘর ও কারখানা দখলের অভিযোগও সত্য নয় বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে শামসুদ্দিন মিঝির ভাতিজা মঞ্জুর বলেন, ২০১৭ সালে শিবপুর এলাকার বাসিন্দা আসমত আলী হাওলাদারের কাছ থেকে তিনি ১২ শতাংশ জমি কেনেন। এরপর থেকে তাঁর চাচা শামসুদ্দিন মিঝির সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। চাচার সঙ্গে বিরোধের জেরে গত ৫ আগস্টের পর তিনি জমিটি আলাউদ্দিন ঢালী গংদের কাছে বিক্রি করে দেন। এরপর থেকে ওই জমি সম্পর্কে আর কিছু জানেন না বলে জানান তিনি।
প্রবাসে থেকে কষ্টার্জিত অর্থে কেনা জমি ও স্থাপনা ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন শামসুদ্দিন মিঝি। তাঁর দাবি, জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁকে জমির দখল ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।
জমির মালিকানা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
মন্তব্য করুন