জুলফিকার তালুকদার, চরফ্যাশন: প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে দক্ষিণ আইচা থানা ছাত্রদল ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম উষার আলো’।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ আইচা বাজারে বিএনপির প্রধান কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির, স্থানীয় রাজনীতিবিদ সিরাজুল ইসলাম সবুজ খান, আবদুল মান্নান হাওলাদার, ব্যবসায়ী মাওলানা নিরবসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, টিম উষার আলোর সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
কর্মসূচির শুরুতে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপস্থিত ব্যক্তিরা। পরে দক্ষিণ আইচা বাসস্ট্যান্ড থেকে বাজারের বিভিন্ন সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এ সময় ইঞ্জিনিয়ার সোহেল, হাবিব, আফজাল, শাহিন, শামীম ও সোহরাব হোসেন সোহেলসহ অনেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
অভিযান চলাকালে মাইকে বাজারের ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং বাজারের সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়বে। সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ আইচা বাজারকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে গড়ে তোলা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন