মো. সবুজ: ভোলার ভেদুরিয়া ইউনিয়নের হাজিরহাট বান্দেরপার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ব্যবসায়ীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ভেদুরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজিরহাট বান্দেরপার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মত বুধবার দিবাগত রাতে ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে বাসায় ঘুমাতে যান। পরে রাত ২টার দিকে স্থানীয় এক বাসিন্দা একটি দোকানে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।
পরে খবর পেয়ে ভোলা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকানগুলোর টিভি, ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, আগুনে তাদের দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকা করে ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে দোকান ও পুঁজি হারিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছেন বলেও জানান তারা।
ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব চন্দ্র শীল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন