চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন—উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাকিব (২৫) ও মো. মঞ্জুর মাঝি (৪৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিন্নাগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে নগদ ১ হাজার ১০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবাগুলো মাদক বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে আটক ব্যক্তিদের সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় আটক মো. রাকিব ও মো. মঞ্জুর মাঝির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চরফ্যাশন থানায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চরফ্যাশনে মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে। আটক দুজনকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মন্তব্য করুন