চ্যানেল ভোলা: ফেনীর দাগনভূঞায় টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার হিসেবে বাইসাইকেল পেয়েছে ৯ জন শিশু-কিশোর।
এছাড়া ১০টি সূরা মুখস্থ ও মাসআলা-মাসায়েল প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪১ জন শিশু-কিশোর পেয়েছে শিক্ষা উপকরণ ও ইসলামিক বই।
শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে ‘আলোর মশাল’ সংগঠনের উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী শহীদ উল্লাহ।
আয়োজকরা জানান, তিনটি মসজিদের মোট ৪১ জন শিশু-কিশোর এ কর্মসূচিতে অংশ নেয়। এর মধ্যে টানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ জনকে একটি করে সাইকেল উপহার দেওয়া হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীর হাতে স্কুলব্যাগ, শিক্ষাসামগ্রী, ইসলামিক বই ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
‘আলোর মশাল’-এর আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, কর্মসূচি ঘোষণার পর থেকেই শিশু-কিশোররা নিয়মিত মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় শুরু করে। পাশাপাশি তাদেরকে প্রাথমিক সূরাগুলো অর্থসহ মুখস্থ করানো হয়েছে।
তিনি বলেন, “একটানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। অংশগ্রহণকারী অন্য শিশুদেরও শিক্ষা উপকরণ ও উপহার প্রদান করা হয়েছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীকন মডেল কলেজের প্রভাষক ও ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, যুগ্ম সম্পাদক হাফেজ নাসির উদ্দিন, ডা. শাহজাহান, সমাজসেবক মনিরুল আজিম, আবু বক্কর সিদ্দিক রাফিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মন্তব্য করুন