মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরায় উপকূল থেকে মাত্র ৫০০ মিটারের মধ্যে মেঘনা নদীর ডুবোচর থেকে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন স্থানীয় গ্রামবাসী ও সাংবাদিকরা। স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান, আবদুর রহমান শোয়েব ও সোহাগ মাহমুদ সৈকতের উদ্যোগে এলাকাবাসী একজোট হয়ে এ বালু উত্তোলন বন্ধ করেন।
রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকায় মেসার্স মারিয়া এন্টারপ্রাইজের একটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। খবর পেয়ে সাংবাদিক ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন।
স্থানীয়দের অভিযোগ, উপকূলের এত কাছে থেকে বালু উত্তোলন করা হলে নদীভাঙন বাড়ার পাশাপাশি উপকূলীয় বেড়িবাঁধ ও বসতবাড়ি ঝুঁকির মধ্যে পড়তে পারে।
তবে এনডিএ কোম্পানির সাইট ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম চ্যানেল ভোলাকে বলেন, ড্রেজারকে উপকূল থেকে এক হাজার মিটার দূরে গিয়ে বালু উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দেশনা না মেনে ড্রেজারটি উপকূলের কাছাকাছি গিয়ে বালু উত্তোলন করছিল।
স্থানীয়রা বলছেন, উপকূলীয় এলাকার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বালু উত্তোলনের স্থান ও অনুমোদন যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। তারা নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর নজরদারি দাবি করেছেন।
মন্তব্য করুন