শিহাব আহমেদ, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন চর কুকরি-মুকরি ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. রমিজ হাওলাদার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় হাসপাতাল নির্মাণ, টেকসই বেড়িবাঁধ স্থাপন এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রমিজ হাওলাদার বলেন, চর কুকরি-মুকরি একটি বিচ্ছিন্ন জনপদ হওয়ায় এখানকার মানুষকে জরুরি চিকিৎসাসেবা পেতে নানা ভোগান্তির শিকার হতে হয়। এ দুর্ভোগ লাঘবে নির্বাচিত হলে জনস্বার্থে একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেবেন তিনি। পাশাপাশি নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করবেন। এলাকার মানুষের জীবনমান উন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য।
নিজের রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরে রমিজ হাওলাদার জানান, দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক কারণে হামলা-মামলার শিকার হয়েছেন তিনি। শেখ হাসিনাবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, নানা প্রতিকূলতার মধ্যেও দলের প্রতি দায়িত্ব ও আনুগত্য বজায় রেখে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন।
এদিকে, তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সংগ্রাম বিবেচনায় দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন স্থানীয় সমর্থকরা। তাঁদের আশা, দলীয় মনোনয়ন পেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে চর কুকরি-মুকরির উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন রমিজ হাওলাদার।
মন্তব্য করুন