চ্যানেল ভোলা: সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম দায়িত্ব ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় সিলেটবাসীকে বিদায় জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।”
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্যে তার কর্মজীবনের সাফল্য ও ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি সিলেটের সরকারি বাসভবন ত্যাগ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। পরে দুপুর ২টার দিকে একটি ফ্লাইটে তার ঢাকায় যাওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার (২২ জুন) বিকেল ৫টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তরের পর জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত রোববার (২১ জুন) সরকার মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে। মঙ্গলবারই তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের কথা রয়েছে।
সিলেটে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ত কার্যক্রমের কারণে আলোচনায় ছিলেন সারওয়ার আলম। দায়িত্ব ছাড়ার মুহূর্তে তার সংক্ষিপ্ত বিদায়ী বার্তা সিলেটবাসীর সঙ্গে তার সম্পর্কের আবেগঘন প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন