মো. মামুন হাজী | লালমোহন (ভোলা): ভোলার লালমোহন উপজেলার ৫ নম্বর লালমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও তাঁর সমর্থকরা অংশ নেন।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে ৭ নম্বর ওয়ার্ড থেকে শোডাউনটি বের করা হয়। পরে মোটরসাইকেলের একটি বহর নিয়ে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন মেম্বার পদপ্রার্থী মো. ফোরকান।
বক্তব্যে তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি আপনাদের সন্তান হিসেবে পাশে থেকে কাজ করতে চাই। আগামী পাঁচ বছর ৭ নম্বর ওয়ার্ডে কে আপনাদের পাশে থাকবে, গভীর রাতে বিপদে-আপদে কার কাছে সহযোগিতা পাবেন, তা বিবেচনা করেই আপনারা সিদ্ধান্ত নেবেন। হয়তো এখনো নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে আপনাদের কাছে প্রতিষ্ঠিত করতে পারিনি। তবে কথা দিতে পারি, আমি মেম্বার নির্বাচিত হই বা না হই, সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজি ও অন্যায়-অবিচারমুক্ত রাখতে কাজ করবেন। পাশাপাশি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করবেন।
মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে স্থানীয় বাসিন্দা ও মো. ফোরকানের সমর্থকরা অংশ নেন।
মন্তব্য করুন