কামরুল সিকদার, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভদ্রপাড়া এলাকায় আল আরাফাহ কিন্ডার গার্টেনে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের পেছনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ১০টি বৈদ্যুতিক ফ্যানসহ লাইব্রেরিতে থাকা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।
রোববার রাতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা দেখতে পান, বিভিন্ন কক্ষের দরজা, অধ্যক্ষের কক্ষের আলমারি ও ড্রয়ার ভাঙা এবং মালামাল তছনছ অবস্থায় পড়ে আছে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
বিদ্যালয় পরিচালক আ গনি মিয়া সিকদারসহ সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রতিষ্ঠানটিতে কোমলমতি শিশুদের কোরআন শিক্ষা, বাংলা, ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা প্রতিটি শ্রেণিকক্ষের ফ্যান খুলে নিয়ে গেছে। পাশাপাশি অধ্যক্ষের কক্ষ ও আলমারির ড্রয়ার ভেঙে বিভিন্ন মালামাল তছনছ করেছে।
অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, উপজেলা প্রশাসন ভবনের পেছনে গুরুত্বপূর্ণ একটি এলাকায় এ ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ফ্যান চুরি হয়ে যাওয়ায় গরমের মধ্যে শিশুদের পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
শিক্ষক ও অভিভাবকরা চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কোমলমতি শিশুদের কথা বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিদ্যালয়টিতে কয়েকটি ফ্যান ও প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য করুন