ইব্রাহিম আকতার আকাশ: ভোলায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ১০ কিলোমিটার সড়কের কাজে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাগারহাট বাজারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাওলাদার মার্কেট থেকে বাপ্তা বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি খালের পাশের ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং না করায় বিভিন্ন স্থানে সড়ক ধসে পড়তে শুরু করেছে।
স্থানীয় শিক্ষক মোসলেউদ্দিন মাস্টার বলেন, দীর্ঘ আট বছর আন্দোলনের পর সড়কটির জন্য সরকারি বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু নির্মাণকাজে অনিয়ম হলে সড়কটি আবারও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। গত ২ অক্টোবর সড়কটির ত্রুটির কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে তাঁর পা ভেঙে যায় বলেও দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান, সরকারি চুক্তি অনুযায়ী নিয়ম ও মান বজায় রেখেই নির্মাণকাজ করা হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির ধারণক্ষমতা সর্বোচ্চ ৮ টন হলেও নির্মাণকাজ চলাকালে ২৫ থেকে ৩০ টন ওজনের ‘শেলটেক সিরামিক্স’-এর পণ্যবাহী গাড়ি চলাচল করছে। তাঁদের আশঙ্কা, অতিরিক্ত ওজনের এসব গাড়ি চলাচল অব্যাহত থাকলে নির্মাণকাজ শেষ হওয়ার পরও সড়কটি দীর্ঘস্থায়ী হবে না।
এ অবস্থায় সড়কটিতে ৮ টনের বেশি ওজনের যানবাহন চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
এ বিষয়ে এলজিইডির ভোলা সদর উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক জানান, সড়কটির নির্মাণকাজ চলমান রয়েছে। কাজের কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধন থেকে এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সড়কের নির্মাণকাজের গুণগত মান যাচাই এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মন্তব্য করুন