মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় বিএনপির পার্টি অফিসে ডেকে নিয়ে এক ব্যক্তিকে মারধর ও জোরপূর্বক মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাতানখালী এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন (৪০)। মামলায় স্থানীয় দুলাল মেম্বার, ফরিদ, মোশারফ, কালাম, কাদিরসহ মোট পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বাদী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে তার বিরোধ চলছিল। এরই জেরে গত ১১ জুলাই দুপুর ১২টার দিকে ১ নম্বর আসামি দুলাল মেম্বার লোক মারফত তাকে বাংলাবাজার বিএনপির পার্টি অফিসে ডেকে নেন। সেখানে আগে থেকেই অবস্থানরত আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করেন।
বাদীর অভিযোগ, একপর্যায়ে দুলাল মেম্বারের নির্দেশে অন্য আসামিরা স্থানীয় এক নাপিতকে এনে জোরপূর্বক তার মাথার সব চুল কেটে দেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়।
আহত অবস্থায় প্রথমে তিনি স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এরপর স্বজনদের সঙ্গে পরামর্শ করে থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৭/২০২৬
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম চ্যানেল ভোলাকে জানান, মামলাটি রেকর্ড করা হয়েছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন