মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহন উপজেলার ১০ নম্বর মোতাহার নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন আফরান বেপারী। নির্বাচনে অর্থের পরিবর্তে মানুষের ভালোবাসা ও জনসমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি।
শনিবার (২০ নভেম্বর) বিকেলে গোলাম রহমান তালুকদার বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় এলাকাবাসীর উদ্দেশে এসব কথা বলেন তিনি।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে আফরান বেপারী বলেন, ছোটবেলা থেকেই দেখে আসছেন, নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের আচরণ এক রকম থাকে, আর নির্বাচনের পরে তা বদলে যায়। সাধারণ মানুষের এই বঞ্চনা ও দ্বিমুখী আচরণের পরিবর্তন এবং এলাকার প্রকৃত উন্নয়নের লক্ষ্যেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিজেকে সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান উল্লেখ করে তিনি বলেন, তাঁর অঢেল অর্থবিত্ত নেই। নির্বাচনে কাউকে ৫০০ বা ১ হাজার টাকা দেওয়ার সামর্থ্যও নেই। তবে মানুষের প্রতি ভালোবাসা এবং এলাকার অসহায় মা-বোনদের জন্য কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে। টাকা নয়, মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি এগিয়ে যেতে চান।
সভায় উপস্থিত মুরুব্বি, তরুণ সমাজ ও এলাকার মা-বোনদের উদ্দেশে তিনি আরও বলেন, এলাকাবাসী তাঁকে যোগ্য মনে করে সম্মিলিতভাবে সমর্থন দিলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যথায় এলাকাবাসীর মতামতকে সম্মান জানিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াবেন।
মতবিনিময় সভায় গোলাম রহমান তালুকদার বাড়ির মুরুব্বি, ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজসহ স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত কয়েকজন এলাকাবাসী তাঁর বক্তব্যের প্রশংসা করেন এবং নির্বাচনে সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য করুন