জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার চরমানিকা এলাকায় মাদকবিরোধী অভিযানে বাবুল ও রাব্বি নামে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৃথক অভিযান চালিয়ে চরমানিকার ‘কোল্লার দোকান’ এলাকা থেকে বাবুল এবং ‘কাপালি বাড়ি’ এলাকা থেকে রাব্বিকে আটক করা হয়। আটক বাবুল চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এবং রাব্বি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বাবুল এর আগেও একাধিকবার মাদক-সংক্রান্ত ঘটনায় গ্রেফতার হয়ে আদালতের মাধ্যমে কারাগারে গিয়েছিলেন। পরে জামিনে বের হয়ে পুনরায় মাদক সেবন ও কারবারে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বারবার গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন