মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহনে পৃথক অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার (পিপিএম-বার)-এর দিকনির্দেশনা এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশের পৃথক তিনটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে এসআই মো. জিল্লুর রহমানের নেতৃত্বে লালমোহন থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে এসআই মো. এরশাদ উকিলের নেতৃত্বে ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মঙ্গল সিকদার বাজার জামে মসজিদের সামনে থেকে ১৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া এসআই মো. নুর-আমিনের নেতৃত্বে অপর একটি অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পৃথক তিন অভিযানে মোট ৫৮ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। মাদক নির্মূলে লালমোহন থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন